মোঃ আনজার শাহ
দুই দিনের সরকারি সফরে আজ সোমবার সন্ধ্যায় কুমিল্লার উদ্দেশে রওনা হচ্ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। কাল মঙ্গলবার সকালে কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
মন্ত্রীর দপ্তর থেকে গতকাল রোববার (৪ অক্টোবর ২০২৬) জারি করা সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ শের মাহবুব মুরাদের স্বাক্ষরিত এই সূচিতে সফরটিকে সরকারি সফর হিসেবে উল্লেখ করা হয়েছে।
সফরসূচি:
সূচি অনুযায়ী, আজ সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সচিবালয় থেকে সড়কপথে কুমিল্লার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। রাত সাড়ে ৯টায় কুমিল্লা সার্কিট হাউজে পৌঁছে সেখানেই রাত্রিযাপন করবেন তিনি।
পরদিন মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রী। বিকেল ৪টায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। রাত ৮টায় কুমিল্লা সার্কিট হাউজ থেকে সড়কপথে ঢাকার গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হয়ে রাত সাড়ে ১০টায় সেখানে পৌঁছাবেন তিনি।
সফরসঙ্গী ও নিরাপত্তা:
সফরে মন্ত্রীর সঙ্গে থাকবেন তাঁর সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তা মো. তাজিরুল ইসলাম। ক্লোজ প্রটেকশন অফিসার (সিপিও) হিসেবে দায়িত্ব পালন করবেন এইচ এম সোহাগ রানা ও মো. শাহীন আলম। সফরকালে নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
সফরসূচির অনুলিপি সদয় অবগতির জন্য পাঠানো হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিভাগীয় কমিশনারসহ ১৯টি দপ্তর ও কর্মকর্তাকে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।