মোহাম্মদ হোসেন হ্যাপী:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা টাস্কফোর্স কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ অক্টোবর (সোমবার) বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এতে জেলা মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশ, কোস্টগার্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), মৎস্য দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর, নারায়ণগঞ্জ যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশের সব নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে শীতলক্ষ্যা, মেঘনা ও ধলেশ্বরী নদীতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত এবং বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “মা ইলিশ রক্ষা করা মানে আগামীর ইলিশ সম্পদ রক্ষা করা। জাতীয় এই সম্পদ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ সময়ে কেউ নদীতে নামলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, “২২ দিন ধৈর্য ধরে সরকারি নির্দেশনা মেনে চলুন, এতে পরবর্তীতে আপনাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং আপনারাই লাভবান হবেন।”
অভিযান চলাকালীন প্রকৃত জেলেদের জন্য সরকারি খাদ্য সহায়তা (ভিজিএফ চাল) নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, জেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌ-পুলিশ ও কোস্টগার্ড সমন্বিতভাবে মাঠে থেকে অভিযান সফল করবে।