অনলাইন ডেস্ক:
নির্ধারিত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। কোথাও কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে নজরদারি বাড়ানো ও আইনগত ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
ডা. জাহেদ উর রহমান জানান, সেপ্টেম্বর মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। এলপিজি নিয়ে চলমান সংকটও শিগগির কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রেল যোগাযোগকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণ এবং সহায়তার পরিমাণ বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে। তাদের কিছুটা স্বস্তি দিতে ভিজিএফ কার্ডের আওতা বাড়ানোর পাশাপাশি ২০ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিপরীতে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, প্রাথমিকভাবে ছাত্রদল থেকে জড়িতদের বহিষ্কার করা হয়েছে। এর বাইরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের আগ্রহের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এ প্রকল্পের অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে, সেটি আলাদা আলোচনা।
ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা রয়েছে উল্লেখ করে ডা. জাহেদ বলেন, এগুলোকে একেবারে নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া যায় না। এ বিষয়ে সরকার নীতিমালা প্রণয়ন করছে।