মোদির সঙ্গে বাংলাদেশি হাইকমিশনারের আকস্মিক বৈঠক, আলোচনায় সম্ভাব্য তারেক রহমানের ভারত সফর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে আকস্মিকভাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান নয়াদিল্লির কাছে তুলে ধরতেই হাইকমিশনারের এই সফর। সোমবার রাতে ঢাকা থেকে নয়াদিল্লি পৌঁছানোর পর মঙ্গলবার দুপুরে তিনি নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন। আগামী বৃহস্পতিবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী বলেন, নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বসলে এমন কোনো সমস্যা থাকবে না, যার সমাধান করা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে তাড়াহুড়োরও কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।

তবে বৈঠক কিংবা হাইকমিশনারের আকস্মিক দিল্লি সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এর আগে গত আগস্টে দায়িত্ব নেওয়ার পরও আকস্মিকভাবে দিল্লি সফর করে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী। ফলে তার এবারের আকস্মিক সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককে ঘিরে নতুন করে কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

এদিকে আগামী নভেম্বরের শেষ দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

এর আগে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন। ফলে সম্ভাব্য এই সফরকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *