নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ১১৯ জন গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা ও ডিবি পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ও অভিযোগে সর্বমোট ১১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, অন্যান্য আইনের আসামি, মোবাইল কোর্টে দণ্ডিত ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন। গত ০৬/১০/২০২৬ খ্রি. মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৫৭ জন মাদকসেবী, ৮ জন মাদক ব্যবসায়ী, ২ জন ছিনতাইকারী, ওয়ারেন্ট মূলে ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১৪ জন, অন্যান্য আইনে ৪ জন, মোবাইল কোর্টের মাধ্যমে ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জনসহ সর্বমোট ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানা: নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে ১০ জন, ওয়ারেন্ট মূলে ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জনসহ মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা:ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে মাদক সেবনকারী ১৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ৪৬ কেজি গাঁজাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী এবং ২০০ পিস ইয়াবাসহ আরও ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইকারী ১ জন, ওয়ারেন্ট মূলে ৫ জন, নিয়মিত মামলার আসামি ৭ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জনসহ মোট ৩২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা: সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকসেবী ১০ জন, ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ১ জন, ওয়ারেন্ট মূলে ৭ জন, নিয়মিত মামলার আসামি ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ৩ জনসহ মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বন্দর থানা: বন্দর থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদক সেবনকারী ৪ জন এবং ৫.৫ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ওয়ারেন্ট মূলে ৩ জন এবং অন্যান্য আইনে ১ জনসহ মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁও থানা: সোনারগাঁও থানা পুলিশের অভিযানে মাদকসেবী ৮ জন, ছিনতাইকারী ১ জন, ওয়ারেন্ট মূলে ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জনসহ মোট ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রূপগঞ্জ থানা: রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবী ৯ জন, ওয়ারেন্ট মূলে ১ জন, নিয়মিত মামলার আসামি ৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আড়াইহাজার থানা: আড়াইহাজার থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ৩ জন, নিয়মিত মামলার আসামি ১ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১ জনসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযান চলাকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *