আন্তর্জাতিক ডেস্ক:
অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই যোগ্য পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন সংশ্লিষ্ট প্রবাসীরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় যোগ্য বিদেশি কর্মীরা তাঁদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সি ছেলে এবং অবিবাহিত মেয়েকে সৌদি আরবে নিতে পারবেন। এর ফলে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের পরিবারসহ সৌদি আরবে বসবাসের প্রক্রিয়া আগের তুলনায় সহজ হবে।
সৌদি সরকারের এই উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছে। এর লক্ষ্য দেশটিতে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসাসংক্রান্ত প্রক্রিয়া সহজ করা।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসা বিদেশি কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলার সময়ই দেওয়া যেতে পারে। তবে এ জন্য নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।
অর্থাৎ পরিবারকে সৌদি আরবে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে নিজের ওয়ার্ক ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।