স্টাফ রিপোর্টার:
ফেনী জেলার ১ নম্বর শশদী ইউনিয়নের সরিষাদি সরকার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১ বাংলাদেশের দুটি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর ২০২৬ তারিখে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১ বাংলাদেশের লায়ন্স ক্লাব অব ঢাকা ধলেশ্বরী এবং লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট-এর যৌথ উদ্যোগে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ শিবিরে বিপুলসংখ্যক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান এমজেএফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১ বাংলাদেশের নিও ভয়েস চেয়ারপারসন লায়ন নূরে জান্নাত রুমা, জোন চেয়ারপারসন লায়ন হেলাল উদ্দিন, জোন চেয়ারপারসন লায়ন মির হোসেন রাসেল, পাবলিক রিলেশন চেয়ারপারসন লায়ন আশফাক আহম্মেদ চৌধুরীসহ এলাকার বিভিন্ন সুনামধন্য নেতৃবৃন্দ। চক্ষু শিবিরে ঢাকার লায়ন্স হাসপাতাল থেকে আগত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা করেন। দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে প্রায় ৫০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়।
এ ছাড়া চোখ পরীক্ষার পর প্রায় ৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত রোগীদের পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। বিনামূল্যে চক্ষু শিবিরে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় রোগীরা সন্তোষ প্রকাশ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা পাওয়ায় সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদের জন্য এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
লায়ন্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আয়োজিত এ ধরনের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লায়ন মির হোসেন রাসেল ও লায়ন আশফাক আহম্মেদ চৌধুরী।