শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময়

মোঃ শামীম হোসেন সিকদার, ::
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপি। সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ হারুন।

সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ ওসমান গনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব মোঃ জাবেদ রেজা, জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে বিভিন্ন মন্দির কমিটির প্রস্তুতি, সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরা হয়। এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসন্ন দুর্গাপূজা যেন আনন্দ, শান্তি ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।

সভায় বিএনপি নেতৃবৃন্দ মন্দির কমিটির প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

বান্দরবান জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য রয়েছে উল্লেখ করে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এ ঐতিহ্য আরও সুদৃঢ় হবে এবং উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *