হাসির ইমোজিকে পেছনে ফেলল কান্নার মুখ, বদলাচ্ছে ডিজিটাল ভাষা

আইটি ডেস্ক:

ডিজিটাল যোগাযোগে মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম ইমোজি। সময়ের সঙ্গে এর ব্যবহার ও জনপ্রিয়তায়ও আসছে পরিবর্তন। গুগলের প্রকাশিত তথ্য অনুযায়ী, জনপ্রিয় ইমোজির তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘উচ্চস্বরে কান্নারত মুখ’। একসময় সবচেয়ে বেশি ব্যবহৃত ‘আনন্দাশ্রুসহ মুখ’ ও ‘হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি’ ইমোজিকেও পেছনে ফেলেছে এটি।

বর্তমানে অনলাইন কথোপকথনে কান্নার এই ইমোজি শুধু দুঃখ বোঝাতেই ব্যবহৃত হয় না। হাসি, বিস্ময়, বিব্রতকর পরিস্থিতি কিংবা অতিরিক্ত আবেগ প্রকাশেও এটি ব্যবহার করছেন অনেকে। বিশেষ করে জেন-জি প্রজন্মের মধ্যে ইমোজিটির ব্যবহার বাড়ছে। গত এক বছরে এর ব্যবহার বেড়েছে ৩৭ শতাংশ বলে গুগলের তথ্যে উল্লেখ করা হয়েছে।

কেন বদলাচ্ছে ইমোজির জনপ্রিয়তা?

গুগলের পর্যবেক্ষণ অনুযায়ী, তরুণদের মধ্যে ইমোজি ব্যবহারের ধরনে পরিবর্তন দেখা যাচ্ছে। কিশোর ও জেন-জি প্রজন্মের অনেকের কাছে ‘আনন্দাশ্রুসহ মুখ’ কিংবা ‘হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি’ ইমোজি কিছুটা পুরোনো ধাঁচের মনে হয়। তাই তাঁরা আবেগ প্রকাশে বেছে নিচ্ছেন আরও নাটকীয়, ব্যতিক্রমী কিংবা মজার প্রতীক।

অন্যদিকে, বয়স্ক ব্যবহারকারীদের কাছে এসব প্রচলিত ইমোজি এখনো হাসি ও আনন্দ প্রকাশের পরিচিত মাধ্যম। একই ইমোজি ভিন্ন প্রজন্ম ভিন্ন অর্থে ব্যবহার করায় অনলাইন যোগাযোগের ভাষাতেও পরিবর্তন আসছে।

যে ইমোজির ব্যবহার বেড়েছে সবচেয়ে দ্রুত

জনপ্রিয়তার পাশাপাশি ব্যবহারের বৃদ্ধির হারেও নজর কেড়েছে ‘মুরঝে যাওয়া ফুল’ ইমোজি। গত এক বছরে এর ব্যবহার বেড়েছে ১৯০ শতাংশ। সাধারণত হতাশা, দুঃখ, মানসিকভাবে ভেঙে পড়া কিংবা কোনো পরিস্থিতিতে একেবারে নিস্তেজ হয়ে যাওয়ার অনুভূতি বোঝাতে এটি ব্যবহার করা হয়। জনপ্রিয়তার তালিকায় ইমোজিটির অবস্থান ৯৩তম।

এ ছাড়া ‘মোয়াই’ ইমোজির জনপ্রিয়তাও বেড়েছে। ২০২১ সালে তালিকার ৪৮২তম অবস্থানে থাকা ইমোজিটি ২০২৫ সালে উঠে এসেছে ৩৩তম স্থানে। তরুণেরা সাধারণত নির্লিপ্ততা, উদাসীনতা কিংবা অদ্ভুত পরিস্থিতিতে নির্বিকার থাকার ভাব প্রকাশে এটি ব্যবহার করেন।

গুগলের জনপ্রিয় ১০ ইমোজি

গুগলের প্রকাশিত তালিকায় থাকা শীর্ষ ১০টি ইমোজি হলো—

১. উচ্চস্বরে কান্নারত মুখ
২. হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি
৩. আনন্দাশ্রুসহ মুখ
৪. লাল হৃদয়
৫. জোড় করা হাত
৬. চুমু ছুড়ে দেওয়া মুখ
৭. হৃদয়ে ঘেরা হাসিমুখ
৮. বৃদ্ধাঙ্গুলি উঁচু করা
৯. হৃদয়-চোখের হাসিমুখ
১০. হাসিমাখা চোখে উজ্জ্বল মুখ

ইমোজির পাশাপাশি বাড়ছে স্টিকার ও জিআইএফের ব্যবহার

অনলাইন যোগাযোগে এখন শুধু ইমোজির ওপর নির্ভর করছেন না ব্যবহারকারীরা। নিজেদের প্রতিক্রিয়া আরও স্পষ্টভাবে প্রকাশ করতে অনেকে স্টিকার ও জিআইএফ ব্যবহার করছেন। টেলিভিশন সিরিজের পরিচিত দৃশ্য কিংবা জনপ্রিয় চরিত্রের অভিব্যক্তি অনেক সময় একটি ইমোজির চেয়েও ভালোভাবে মনের ভাব প্রকাশ করতে পারে।

এ ক্ষেত্রে জনপ্রিয় টিভি সিরিজ ‘ডেক্সটার’-এর সার্জেন্ট ডোকসের স্টিকার উল্লেখযোগ্য। সন্দেহ, অবিশ্বাস কিংবা কোনো বিষয় বুঝতে পারলেও তা প্রমাণ করতে না পারার পরিস্থিতি বোঝাতে অনেকে এটি ব্যবহার করেন। এ ছাড়া ‘রোহি’ নামের একটি চরিত্রও হোয়াটসঅ্যাপের স্টিকার ও মিমের জগতে পরিচিতি পেয়েছে।

সব মিলিয়ে, সময়ের সঙ্গে ইমোজির ব্যবহার ও অর্থ—দুটিই বদলাচ্ছে। নতুন প্রজন্ম পুরোনো প্রতীকগুলোকে নতুনভাবে ব্যবহার করছে, আবার কিছু প্রচলিত ইমোজির জায়গা নিচ্ছে নতুন প্রতীক, স্টিকার ও জিআইএফ। ফলে ডিজিটাল যোগাযোগের ভাষাও ক্রমাগত নতুন রূপ পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *