স্পোর্টস ডেস্ক:
লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ের পর মাঠে মজার এক মুহূর্তের জন্ম দিয়েছেন নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড। এক টেলিভিশন ক্যামেরাম্যানকে দেখে মজা করে তিনি বলেন, ‘তোমাকে আমার বান্ধবীর চেয়েও বেশি দেখি।’
রোববার অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। ম্যাচে গোলের সূচনা করেন হালান্ড। জেরেমি ডোকুর শট থেকে আসা বল নিচু শটে জালে পাঠান সিটির এই তারকা।
ম্যাচ শেষে মাঠে হালান্ডের ছবি তুলছিলেন এক ফটোগ্রাফার। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই ফটোগ্রাফার হালান্ডকে বলেন, ‘দারুণ গোল, দারুণ গোল।’
হাসিমুখে জবাবে হালান্ড বলেন, ‘তুমি তো সব জায়গায় আছ। তোমাকে আমার বান্ধবী ইসাবেল হাউসেং ইয়োহানসেনের চেয়েও বেশি দেখি।’
হালান্ডের কথা শুনে হেসে ওঠেন ক্যামেরাম্যান। জবাবে তিনি বলেন, ‘আমি জানি, হ্যাঁ।’ এরপর হাসতে হাসতেই ড্রেসিংরুমের দিকে চলে যান ম্যানচেস্টার সিটির এই নরওয়েজীয় স্ট্রাইকার।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্যামেরাম্যানের সঙ্গে হালান্ডের এই রসিকতাও ম্যাচ-পরবর্তী আলোচনায় জায়গা করে নেয়।