ঝালকাঠিতে কৃষকের ৫০টি কলাগাছ কাটার অভিযোগ, সালিশে স্বীকারের পর অস্বীকার

স্টাফ রিপোর্টার:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক কৃষকের জমি থেকে ৪০ থেকে ৫০টি ফলন্ত কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

ভুক্তভোগী জমির মালিক অলিউল্লাহর অভিযোগ, গত সপ্তাহে রাতের আঁধারে তাঁর কৃষিজমির ফলন্ত কলাগাছগুলো কেটে ফেলা হয়। জমি ও কৃষিকাজ দেখভালের দায়িত্বে থাকা মো. হাকিম এ ঘটনার জন্য স্থানীয় বাসিন্দা মো. ফারুককে দায়ী করেন।

ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জয়নাল আবিদীন, জামাল মীর, ইউপি সদস্য দুলাল শরীফ, এমাদুল সিকদার ও নুরুল ইসলাম ব্যাপারীর উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

অভিযোগ অনুযায়ী, ওই বৈঠকে অভিযুক্ত ফারুক আহমেদ কলাগাছ কাটার কথা স্বীকার করেন। তবে পরে তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে কোনো জরিমানা বা ক্ষতিপূরণ দিতে রাজি হননি বলে দাবি করা হয়েছে।

পরবর্তীতে সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সালিশকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের দাবি, কলাগাছ কাটার ঘটনায় ফারুক আহমেদ জড়িত ছিলেন। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফারুক আহমেদ সালিশ বৈঠকে স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, অসুস্থতার কারণে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং কলাগাছ কাটার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

ফলন্ত কলাগাছ কেটে ফেলায় কৃষক অলিউল্লাহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও ক্ষতিগ্রস্ত কৃষকের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *