নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে সরকার।
বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া দুজনই চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করছেন।
চলতি বছরের ৩ মার্চ শহীদুল হাসানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী।
একই দিনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককেও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।