ভারতীয় হাইকমিশনারের চলাফেরা নিয়ে খোমেনী ইহসানের সমালোচনা

নিজস্ব প্রতিবেদক:

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরাকে বাংলাদেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার প্রতিবাদ এবং আওয়ামী লীগের সন্ত্রাসবাদ দমন ও ভারতীয় হাইকমিশনারের কথিত অপতৎপরতা বন্ধের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

খোমেনী ইহসান বলেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা একটি সার্বভৌম রাষ্ট্রের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননাকর এবং কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী। কূটনীতিকের ভূমিকার বাইরে গিয়ে তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি কার্যালয়ে প্রবেশ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় হাইকমিশনারের কথিত অপতৎপরতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান খোমেনী ইহসান।

এ সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে আওয়ামী লীগকে সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

খোমেনী ইহসান বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হলে দলটির নেতাকর্মীরা বিশ্বের কোথাও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না এবং ব্যাংক হিসাব ব্যবহারেও বাধার মুখে পড়বেন। ড. মুহাম্মদ ইউনূসের মতো নোবেলজয়ী ব্যক্তিকে হেনস্তা করার সাহসও তাঁরা আর পাবেন না বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব ডা. নাবিল আহমদ, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও মো. সাইদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর শওকত আমীন, মহাসচিব মাওলানা আবদুল করিম এবং নবাব সলিমুল্লাহ অ্যাকাডেমির চেয়ারম্যান মো. আবদুল জব্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *