এ আর সুমন:
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রামে শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। এ সময় তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ তাঁদের সার্বিক খোঁজখবর নেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনে তিনি অষ্টগ্রাম সদর ইউনিয়নের ঋষিপাড়া, সূত্রধর পাড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তাঁর এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তিনি পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেন।
পরিদর্শনকালে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। তাঁর এ উদ্যোগ পূজামণ্ডপের আয়োজকদের উৎসব আয়োজনের ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের গুরুত্বও তুলে ধরে।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তার মেম্বার, রেখন মেম্বার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম মোশাররফ উদ্দিন হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জুয়েল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান দানা, যুবদল নেতা মোবারক হোসেন লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিয়ান তফসির, প্রবাসী নেতা মো. আলামিন মিয়া, মো. মেহফুজ চৌধুরী, মো. রিপন মিয়া, সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আফরোজ আলী ও সাধারণ সম্পাদক মো. ইদু মিয়া, খোরশেদ আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, “আমাদের অষ্টগ্রাম ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য জনপদ। আবহমানকাল ধরে এখানে আমরা সব ধর্মের মানুষের আনন্দ মিলেমিশে ভাগাভাগি করে আসছি। অষ্টগ্রাম উপজেলার সকল হিন্দু সম্প্রদায়কে আমার এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই গড়ে উঠতে পারে শান্তিপূর্ণ ও মানবিক সমাজ।
হাওরাঞ্চলের জনপদ অষ্টগ্রামে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিভিন্ন পূজামণ্ডপে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবের আমেজের মধ্যে চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর এ পরিদর্শন ও আর্থিক সহায়তা স্থানীয়ভাবে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের বার্তাকে আরও জোরালো করেছে।