বিনোদন ডেস্ক:
দেবী দুর্গার সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। লাল পাড়ের সাদা শাড়ি, মাথায় বড় টোপর, গলায় মালা ও শরীরজুড়ে গয়না—সব মিলিয়ে দুর্গার সাজে ভিন্ন এক রূপে দেখা গেছে তাঁকে। হাতে ছিল পদ্মফুল।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে বিশেষ ফটোশুটের একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে তাঁর এই সাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অনুসারীরা।
ফটোশুটের ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’
পরীমনির এই সাজে মুগ্ধ হয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য করেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’, আবার কেউ তাঁকে ‘পুরো দুর্গা’ বলে প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, কয়েক দিন আগে পরীমনিকে দুর্গার সাজে দেখার ইচ্ছা হয়েছিল, এবার তাঁকে সত্যিই সেই সাজে দেখে ভালো লাগছে।
প্রকাশের প্রায় এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে প্রতিক্রিয়া ৩৭ হাজার ছাড়িয়ে যায়। মন্তব্য পড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার। পাশাপাশি ভিডিওটি প্রায় সাড়ে পাঁচ লাখবার দেখা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, অভিনয়ে পরীমনির হাতে রয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি সিনেমাটির শুটিং হয়েছে। তবে মুক্তির তারিখ এখনো জানা যায়নি।