সৌদিতে হামলায় হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান, দাবি মার্কিন সংবাদমাধ্যমের

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরব ও ইয়েমেনে দেশটির মিত্রদের লক্ষ্য করে হামলা জোরদার করতে হুথি বিদ্রোহীদের গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে এ দাবি করেছে।

প্রতিবেদনে সৌদি আরব ও ইয়েমেনে হুথিবিরোধী জোটের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করা হয়েছে। তাঁদের মতে, ইরানের সহায়তায় হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে আরও শক্তিশালী ও অত্যাধুনিক হামলা চালাতে সক্ষম হয়েছে।

ডব্লিউএসজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সহায়তায় ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী এলাকায় নিজেদের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ড বাড়িয়েছে হুথিরা। একই সঙ্গে সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, গত সপ্তাহে সৌদি রাজধানী রিয়াদে হুথিদের একটি হামলায় ১৩ জন নিহত হন। ওই হামলাও ইরানের সহায়তায় পরিচালিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান। তেহরানের দাবি, হুথিরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *