মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে (নাসিক) পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ফিনল্যান্ডের একটি প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এ দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং বর্জ্য থেকে বিদ্যুৎ ও পুনর্ব্যবহারযোগ্য সম্পদ উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ফিনল্যান্ডের প্রতিনিধি দল বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়ে বলেন, নারায়ণগঞ্জ একটি প্রাচীন ও শিল্পসমৃদ্ধ নগরী। এ শহরের বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত করা গেলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। পরিবেশবান্ধব ও স্মার্ট নগরী গড়ে তুলতে নাসিককে কারিগরি সহযোগিতা দিতে তারা প্রস্তুত বলেও জানান।
সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন বদ্ধপরিকর। ক্রমবর্ধমান জনসংখ্যার এ নগরীতে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, ফিনল্যান্ডের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। নাগরিক সেবার মান উন্নয়ন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নাসিক প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় ফিনল্যান্ডের প্রতিনিধি দলের পক্ষ থেকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন মডেল ও প্রকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়। নাসিকের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন, সবুজ ও স্মার্ট নগরী গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।