মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও দ্রুত রোগ শনাক্তকরণের লক্ষ্যে খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ২ হাজার ৫০০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।
সোমবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব কিট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, ডা. মোস্তফা আলীসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কিট হস্তান্তরকালে প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ থেকে নাগরিকদের রক্ষা করতে কিট সরবরাহের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনে বিশেষ কার্যক্রম জোরদার করা হয়েছে। অর্থের অভাবে যেন কোনো নাগরিক ডেঙ্গু পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এসব কিট দেওয়া হয়েছে। নাসিক সব সময় জনগণের পাশে রয়েছে বলেও জানান তিনি।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কাজ চলছে। লার্ভিসাইড ছিটানো ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি হাসপাতালগুলোর চিকিৎসাসেবা সচল রাখতে নাসিকের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সিটি করপোরেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সেবায় কিটগুলো দ্রুত ব্যবহার করা হবে বলে আশ্বস্ত করেছে।