মো. ছালাহউদ্দিন:
ভোলার মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাসের চালক ও হেলপারকে মারধর, নগদ ৩০ হাজার টাকা ছিনতাই এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কে এ ঘটনা ঘটে।
মারধরে আহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক মো. ইব্রাহীম ও হেলপার এনায়েত। তাঁদের বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রামনেওয়াজ লঞ্চঘাটে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে মাইক্রোবাসের হেলপার এনায়েতের সঙ্গে সোবহান, জুম্মান ও রায়হান নামের তিন যুবকের কথা-কাটাকাটি হয়। পরে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি দক্ষিণ সাকুচিয়ার সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে ওই তিন যুবকের নেতৃত্বে ৭-৮ জন যুবক গাড়িটির গতিরোধ করেন। এ সময় তাঁরা মাইক্রোবাসটি ভাঙচুর করেন এবং চালক ইব্রাহীম ও হেলপার এনায়েতকে মারধর করে ৩০ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
আহত চালক ইব্রাহীম জানান, রামনেওয়াজ লঞ্চঘাটে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সোবহান, রায়হান ও জুম্মানের নেতৃত্বে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। পরে তাঁকে ও হেলপার এনায়েতকে মারধর করে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ছবির ক্যাপশন: মনপুরায় মারধরের ঘটনায় আহত মাইক্রোবাসচালক ইব্রাহীম।