সিদ্ধিরগঞ্জে অবৈধ কেমিক্যালে ভেজাল তেল তৈরির সময় অগ্নিকাণ্ড

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও রোডের উদয় স্মৃতি ঈদগাহ সংলগ্ন এলাকায় একটি অবৈধ জ্বালানি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে ভেজাল তেল তৈরির সময় মঙ্গলবার বিকেলে আল-আমিন নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি ও ভয়াবহ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে আশপাশের জনবসতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত তেল ব্যবসায়ী আল-আমিন দীর্ঘদিন ধরে ওই গোডাউনে অকটেন, ডিজেল ও পোড়া মবিল মজুত রেখে ব্যবসা চালিয়ে আসছিলেন। পাশাপাশি, সেখানে ক্ষতিকর ও বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে এক ড্রাম আসল তেল থেকে একাধিক ড্রাম ভেজাল তেল তৈরি করা হতো, যা স্থানীয়ভাবে ‘তেলের পল্টি মারা’ নামে পরিচিত। মঙ্গলবার বিকেলে একইভাবে ভেজাল তেল তৈরির কাজ চলাকালে বিষাক্ত কেমিক্যালের রাসায়নিক বিক্রিয়া অথবা অসাবধানতাবশত ধূমপানের (বিড়ি-সিগারেটের আগুন) কারণে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যে গোডাউন থেকে বিকট ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের আবাসিক এলাকা ও ঈদগাহ সংলগ্ন সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার বিবরণ দিয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মীরন মিয়া জানান, বিকেল ৪টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিটের নিবিড় চেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিক তদন্তে বিড়ি-সিগারেটের আগুন অথবা কেমিক্যাল প্রক্রিয়ায় অসাবধানতা থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপের কারণে আগুন পার্শ্ববর্তী ঘনবসতিপূর্ণ এলাকা ও ঈদগাহ মাঠে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের কোনো আর্থিক ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকেই গোডাউনের মালিক আল-আমিন পলাতক রয়েছেন।

এদিকে, আবাসিক ও ঈদগাহ মাঠের মতো সংবেদনশীল জনবহুল এলাকায় বিপজ্জনক কেমিক্যাল ব্যবহার করে অবৈধভাবে ভেজাল তেল তৈরির বিষয়টি প্রকাশ পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে পলাতক মালিক আল-আমিনকে গ্রেপ্তারসহ তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *