শারদীয় উৎসবের মাঝে কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, নিলেন নিরাপত্তার খোঁজখবর

মোঃআনজার শাহ :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। নেতৃবৃন্দ বলেন, প্রতিটি ধর্মীয় উৎসব বাংলাদেশের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক; তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।

এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে উৎসবের সার্বিক পরিস্থিতি, আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন নেতৃবৃন্দ। তাঁরা পূজা আয়োজনে নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানান এবং উৎসবের সুসমাপ্তি কামনা করেন।
নেতৃবৃন্দের পরিদর্শনে পূজামণ্ডপে উপস্থিত ভক্ত-দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও দৃঢ় হোক এমন প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *