কামরুল ইসলাম:
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গাড়ি চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগীর চুরি হওয়া একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গত ২৩ অক্টোবর দিবাগত রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন মমিনবাগ ৪ নম্বর রোডের নাহার ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও আদনান উদ্দিন (২৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার এসআই বাহার মিয়া সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও একটি সাদা রঙের প্রাইভেটকার উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের সামনে মো. জামাল উদ্দিন জিকু (২৭) নামের এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় গাজী সারোয়ার শ্রাবণ (৩২) নামে এক ব্যক্তি এবং তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুই থেকে তিনজন একটি সাদা রঙের প্রাইভেটকারে এসে ভুক্তভোগীর ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানায় ২১ অক্টোবর মামলা করা হয়। মামলা নম্বর ৩৫। দণ্ডবিধির ৩৮২ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাঁচলাইশ থানাধীন মমিনবাগ এলাকায় অভিযান চালিয়ে রবিউল হাসান ভূঁইয়া ও আদনান উদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি বাদীর চুরি হওয়া মোটরসাইকেল বলে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-ব-১২-১৫৮০।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
নগরীতে চুরি, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।