নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৮২ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন। রোববার (২৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের অভিযানে ২০৮ পিস ইয়াবা, ৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা এবং ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৩ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১১ জন, একজন ছিনতাইকারী, দুজন চোর, নিয়মিত মামলার আটজন, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন সদস্য রয়েছেন।

থানাভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, চারজন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার একজন আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ চার কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী, চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার একজন আসামি এবং নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যসহ মোট নয়জনকে গ্রেফতার করেছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ী, ছয়জন মাদকসেবী, একজন ছিনতাইকারী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার দুজন আসামি এবং নিষিদ্ধ সংগঠনের দুজন সদস্যসহ মোট ১৫ জন গ্রেফতার হয়েছেন।

বন্দর থানা পুলিশ ১২০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার দুজন আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করেছে।

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার দুজন আসামিসহ মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ী ও দুজন চোরকে গ্রেফতার করেছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জন মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে একজন মাদকসেবী ও অন্যান্য ধারায় একজনসহ মোট দুজনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *