সত্যনিষ্ঠ সাংবাদিকতার সাহস স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

সত্যনিষ্ঠা, নীতিবোধ ও আদর্শে অবিচল সাংবাদিকেরাই স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো সাংবাদিকদের সাহসিকতা ও পেশাগত নিষ্ঠা মানুষের কাছে সত্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার এরশাদের শাসনামলে দেশের মানুষ সংবাদ জানার জন্য বিবিসি ও ভয়েস অব আমেরিকার ওপর নির্ভর করতেন। সে সময় ভয়েস অব আমেরিকার সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী এবং বিবিসির সাংবাদিক আতাউস সামাদের সংবাদ পরিবেশন মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করত। তাঁদের কণ্ঠে দেশের পরিস্থিতি ও রাজনৈতিক কর্মসূচির খবর শুনতেন সাধারণ মানুষ।

তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি ও গ্রেপ্তারের ঘটনা ঘটলেও গিয়াস কামাল চৌধুরী সাহসের সঙ্গে সংবাদ পরিবেশন অব্যাহত রেখেছিলেন। এমনকি কোথা থেকে সংবাদ পাঠাচ্ছেন, তা-ও গোপন রাখতে হতো তাঁকে। পেশাগত দায়িত্ব পালনে তাঁর সাহসিকতা ও নিষ্ঠা তাঁকে মানুষের কাছে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিল।

বিএনপির এই নেতা বলেন, সে সময়ের অনেক সাংবাদিক নীতিবান, দৃঢ়চেতা ও আপসহীন ছিলেন। তাঁদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলেও অনেকে নিজেদের আদর্শ থেকে বিচ্যুত হননি। সত্যনিষ্ঠ সাংবাদিকতার সেই দৃষ্টান্ত বর্তমান সময়েও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

গিয়াস কামাল চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার পর তাঁর সঙ্গে গিয়াস কামাল চৌধুরীর সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর বক্তব্য দেওয়ার দক্ষতা এবং তরুণদের প্রতি স্নেহশীল আচরণ রিজভীকে মুগ্ধ করেছিল। তাঁর ভাষায়, গিয়াস কামাল চৌধুরী ছিলেন অভিভাবকসুলভ ব্যক্তিত্বের অধিকারী।

বক্তব্যের একপর্যায়ে গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন রুহুল কবির রিজভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *