আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার প্রকাশ্য সমাবেশে নিজের সমর্থক জনপ্রিয় নারী র্যাপার নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, স্থানীয় সময় ২৫ অক্টোবর মিশিগানের পোর্ট হুরনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক সমাবেশে নিকি মিনাজকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘আমি খুব সুন্দর একটি নিতম্ব দেখেছি। নিকি মিনাজ।’
এরপর ট্রাম্প বলেন, ‘তাকে চোখে না পড়ে উপায় নেই।’ এ সময় তিনি মিনাজকে উঠে দাঁড়াতে বলেন। মিনাজ দাঁড়িয়ে উপস্থিত জনতার দিকে হাত নাড়লে দর্শকেরা উল্লাস করেন।
পরে ট্রাম্প বলেন, তিনি আশা করেন, তাঁর মন্তব্যে নিকি মিনাজ অপমানিত বোধ করেননি। একই সঙ্গে তিনি মিনাজের প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে রয়েছেন।
সম্প্রতি ওহাইওর রিপাবলিকান সিনেটর জন হুস্টেডের শারীরিক গঠন নিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প নিকি মিনাজের প্রসঙ্গ তোলেন। হুস্টেড আগে আমেরিকান ফুটবল খেলতেন উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, তাঁর শারীরিক গঠন নিয়ে মন্তব্যটি ছিল নিছক রসিকতা।
মিশিগানের সমাবেশে ট্রাম্প বলেন, তিনি কখনো কোনো পুরুষের শারীরিক গঠন নিয়ে এ ধরনের মন্তব্য করেননি। নারীদের ক্ষেত্রে করেছেন, তবে পুরুষদের ক্ষেত্রে নয়। এরপরই তিনি নিকি মিনাজের নাম উল্লেখ করেন।
রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন জানাতে ওই দিন ট্রাম্পের সঙ্গে সমাবেশে যোগ দেন মিনাজ। তাঁরা এয়ার ফোর্স ওয়ানে করে মিশিগানে যান। মঞ্চে মিনাজকে পরিচয় করিয়ে দেওয়ার সময় ট্রাম্প রসিকতা করে বলেন, মিনাজ তাঁর চেয়েও বেশি মনোযোগ আকর্ষণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে মিনাজ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমরা ট্রাম্পকে ভালোবাসি।’ যুক্তরাষ্ট্রের জন্য বর্তমান সময়কে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করে তিনি মিশিগানের বাসিন্দাদের এই রাজনৈতিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
পরে ট্রাম্পকে উদ্দেশ করে মিনাজ বলেন, ‘প্রতিবার আপনার সঙ্গে থাকতে পারা সম্মানের।’ ভবিষ্যতেও তাঁকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে এই র্যাপার বলেন, ‘আমি চিরকাল আপনাকে সমর্থন করব।’ ট্রাম্প ভবিষ্যতে আবার নির্বাচনে দাঁড়ালেও তাঁকে সমর্থন করার কথা জানান মিনাজ।