স্পোর্টস ডেস্ক:
ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির নিলামে তাসকিন আহমেদের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পয়েন্টে দল পেয়েছেন জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম। তাঁকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক। এর আগে তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নিয়ে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ক্রিকেটার হয়েছিলেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে ডি-থ্রি ট্রফির নিলাম। নিলামে জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে দলে নিতে দলগুলোর মধ্যে প্রতিযোগিতা দেখা গেছে।
তাসকিন আহমেদকে দলে নিতে ২ কোটি ১০ লাখ পয়েন্ট খরচ করেছে ওয়ালটন। তবে কিছুক্ষণ পরই তাঁর রেকর্ড ছাড়িয়ে যান শরীফুল। ২ কোটি ৩০ লাখ পয়েন্টে তাঁকে দলে নেয় সিটিজেন ব্যাংক।
জাতীয় দলের ওপেনার তানজিদ হাসানকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। এ ছাড়া সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস। জাকের আলীকে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে কিনেছে সিটিজেন ব্যাংক।
এবারের নিলামে ছয়টি দল অংশ নিয়েছে। এতে মোট ২৭৫ জন ক্রিকেটারকে ডাকা হচ্ছে। তিন সংস্করণের এই টুর্নামেন্ট চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে।
নিলামে ক্রিকেটারদের দলে নেওয়ার ক্ষেত্রে পয়েন্ট ব্যবহার করা হলেও তা তাঁদের প্রকৃত পারিশ্রমিক নয়। খেলোয়াড়েরা পারিশ্রমিক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি পাবেন।
প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১০ কোটি পয়েন্ট খরচের সীমা নির্ধারণ করা হয়েছে। এই সীমার মধ্যে থেকেই দলগুলোকে নিজেদের স্কোয়াড গঠন করতে হচ্ছে।
নিলামের জন্য ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৪০ লাখ, ‘বি’ ক্যাটাগরির ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫ লাখ পয়েন্ট।