বান্দরবানে হাজেরা মা’র টেকে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ শামীম হোসেন সিকদার:

বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ক্যাচিংঘাটা এলাকার হাজেরা মা’র টেকে জামে মসজিদ নির্মাণের জন্য দান করা চার শতক জমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় নির্ধারিত জমিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মসজিদটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. আলাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান বাজার শাহী জামে মসজিদের কারি এহসানুল হক আল মুঈন, ক্যাচিংঘাটা জামে মসজিদের খতিব, পি.ডব্লিউ. জামে মসজিদ ও নতুনপাড়া জামে মসজিদের ইমামসহ বিভিন্ন মসজিদের ধর্মীয় ব্যক্তিবর্গ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পৌর বিএনপির সাবেক সদস্যসচিব মো. শফিউল্লাহ সফি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসেন সিকদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সোহেল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. জামিল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি ও মুসল্লিরা।

অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণকাজের সফলতা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এলাকাবাসী জানান, হাজেরা মা’র টেক এলাকায় দীর্ঘদিন ধরে একটি জামে মসজিদের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। মসজিদ নির্মাণের জন্য একজন দানশীল ব্যক্তি চার শতক জমি দান করায় সেখানে মসজিদ নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ এগিয়ে যাবে এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা নিয়মিত নামাজ আদায়ের সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *