শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী বিচার হবে মবের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কোনো ধরনের বেআইনি পরিস্থিতি বা গণপিটুনির মুখোমুখি হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরেই তাঁর দেশে ফেরা নিয়ে নানা ধরনের জল্পনা চলছে। কখনো ডিসেম্বরের পর জুনে ফেরার কথা বলা হতে পারে, আবার জুনের পর ডিসেম্বরের কথা বলা হতে পারে। এভাবে আলোচনা চলতে থাকবে। তবে শেখ হাসিনা দেশে ফিরলে তাঁরা খুশি হবেন বলে মন্তব্য করেন তিনি। এতে তাঁকে আর বেঁধে নিয়ে আসার প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হবে, সে বিষয়ে জাহেদ উর রহমান বলেন, তাঁকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। আইনি প্রক্রিয়ায় তাঁর বিচার হবে। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনাকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করেন।

অতীতের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে তথ্য উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পরও তিনি দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন। সে সময়ও পুলিশ থানায় দায়িত্ব পালন করেছে।

শেখ হাসিনার অতীত ভূমিকার সমালোচনা করে জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনা কখনো কারও প্রতি ন্যায়বিচার করেননি, আমরা ন্যায়বিচার করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *