দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে আয়ের আলো জ্বালাতে আশা মনির পাশে জেলা প্রশাসন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে সচ্ছলতা ফেরাতে এবং নিজে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণে নতুন সেলাই মেশিন পেয়েছে নারায়ণগঞ্জের কিশোরী আশা মনি। মানবিক সহায়তার অংশ হিসেবে তাঁর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এ উদ্যোগে পরিবারটির জীবনে নতুন আশার সঞ্চার হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আশা মনির হাতে নতুন সেলাই মেশিনটি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

আশা মনি নারায়ণগঞ্জ নগরের খানপুর এলাকার নাসিক ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা মো. সামাদ একজন দৃষ্টিপ্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি কাজ করতে পারেন না। ফলে পরিবারের নিয়মিত আয় না থাকায় অন্যের আর্থিক সহায়তার ওপর নির্ভর করেই তাঁদের সংসার চলে।

এমন পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়ানো এবং নিজের কর্মসংস্থানের পথ তৈরি করার প্রত্যয় নিয়ে সেলাই মেশিনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করে আশা মনি। গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে তিনি একটি সেলাই মেশিন চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন।

আশা মনির আবেদনের বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে তাঁর হাতে একটি নতুন সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এই সহায়তার মাধ্যমে আশা মনি সেলাইয়ের কাজ করে আয় করার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পরিবারের আর্থিক সংকট মোকাবিলায়ও কিছুটা ভূমিকা রাখতে পারবে সে।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জেলা প্রশাসন সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে। আশা মনির মতো উদ্যমী কিশোরীরা যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নতুন সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে আশা মনি। এ সহায়তার জন্য সে জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

দারিদ্র্য ও প্রতিকূলতার মধ্যেও নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখা আশা মনির জন্য সেলাই মেশিনটি শুধু একটি উপকরণ নয়, বরং কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ। জেলা প্রশাসনের এ উদ্যোগ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর একটি মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *