আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের নির্বাচনে অর্থের বিনিময়ে আরব রাজনৈতিক দল রা’আমের পক্ষে ভোট কেনার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দক্ষিণাঞ্চলের সেগেভ শালোম ও আরআরা বেনেগেভ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ইসরাইলি পুলিশের ভাষ্য, নির্বাচনের আগের দিন ভোটারদের রা’আম পার্টির পক্ষে ভোট দিতে অর্থ দেওয়ার চেষ্টা করছিলেন সন্দেহভাজনরা। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
ঘটনাটির নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের দাবি করেছেন। নেতানিয়াহুর দাবি, সন্দেহভাজনদের কাছ থেকে নগদ অর্থভর্তি খাম এবং রা’আম নেতা মানসুর আব্বাসের জন্য নির্ধারিত ব্যালট উদ্ধার করা হয়েছে।
নির্বাচনের স্বচ্ছতা রক্ষার আহ্বান জানিয়ে নেতানিয়াহু ভোটারদের তাঁর দল লিকুদের পক্ষে ভোট দেওয়ারও আহ্বান জানান।
ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভোট গ্রহণ শুরুর প্রায় চার ঘণ্টা আগে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তাঁদের কোনো ভোটকেন্দ্রের কাছে কিংবা ভোট দিতে আসা লোকজনের পাশে আটক করা হয়নি।
এদিকে, ভোট কেনার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে রা’আম পার্টি। দলটির দাবি, তাদের কর্মীরা কোনো অনিয়ম করেননি। বরং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নিয়ন্ত্রণাধীন পুলিশ আরব জনগোষ্ঠীর ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দলটি।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ অর্থভর্তি কয়েকটি খাম জব্দ করা হয়েছে। এসব খামে কয়েক দশ হাজার ইসরায়েলি শেকেল ছিল। এ ছাড়া তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা কিছু নোট ও অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার তিনজনকে দক্ষিণাঞ্চলীয় জেলার জালিয়াতি তদন্ত ইউনিটে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে মঙ্গলবারই আদালতে হাজির করার কথা রয়েছে।