বিনোদন ডেস্ক:
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেন্ডায়ার ব্যস্ত সময়সূচিতে যুক্ত হচ্ছে আরও নতুন সিনেমা। খ্যাতিমান নির্মাতা ও চিত্রনাট্যকার অ্যালেক্স গারল্যান্ডের নতুন একটি সায়েন্স ফিকশন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। তবে এখনো সিনেমাটির নাম, কাহিনি কিংবা এতে জেন্ডায়ার চরিত্র সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এর আগে ‘সিভিল ওয়ার’ ও ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’-এর মতো আলোচিত সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন অ্যালেক্স গারল্যান্ড। এবার নিজের মৌলিক চিত্রনাট্য নিয়ে নতুন এই প্রকল্পে কাজ করছেন তিনি। সায়েন্স ফিকশনধর্মী সিনেমাটিতে গারল্যান্ডের নির্মাণশৈলী ও জেন্ডায়ার অভিনয় দর্শকদের জন্য কী চমক নিয়ে আসে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
এদিকে বড় পর্দায় জেন্ডায়ার আরেকটি আলোচিত কাজ হলো প্রতীক্ষিত সিনেমা ‘ডুন: পার্ট থ্রি’। ডেনিস ভিলনেভ পরিচালিত এ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিতে ‘চানি’ চরিত্রে ফিরছেন তিনি। এতে পল অ্যাট্রেইডিসের চরিত্রে অভিনয় করছেন টিমোথি শ্যালামে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ডুন: পার্ট থ্রি’। সিনেমাটি মুক্তির আগেই চানির চরিত্রে জেন্ডায়ার অভিনয় নিয়ে পুরস্কারের সম্ভাবনা ঘিরে আলোচনা শুরু হয়েছে। এমনকি সেরা অভিনেত্রী বিভাগে অস্কারের মনোনয়ন দৌড়ে তাঁর থাকার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
চলতি বছর জেন্ডায়ার ক্যারিয়ারেও রয়েছে বৈচিত্র্যময় কাজের উপস্থিতি। ‘দ্য ড্রামা’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ‘দি ওডিসি’র মতো ভিন্ন ধারার সিনেমায় তাঁর সম্পৃক্ততা দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি নির্মাতানির্ভর ও ভিন্নধর্মী কাজেও নিজেকে প্রতিষ্ঠিত করছেন এই অভিনেত্রী।
শুধু সরাসরি অভিনয় নয়, কণ্ঠশিল্পী হিসেবেও নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন জেন্ডায়া। জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘শ্রেক ৫’-এ শ্রেক ও ফিওনার কন্যা ফেলিসিয়া চরিত্রে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে তাঁর। সিনেমাটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ ছাড়া কিংবদন্তি সংগীতশিল্পী রনি স্পেক্টরের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘বি মাই বেবি’-তেও প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জেন্ডায়া। সব মিলিয়ে নতুন নতুন চরিত্র ও বৈচিত্র্যময় প্রকল্পে যুক্ত হয়ে হলিউডে নিজের অবস্থান আরও শক্ত করছেন এই তারকা।