মোঃ ইমরান মুন্সি:
স্কুল-কলেজে কোনো ধরনের নিয়োগ বাণিজ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন, চাকরিপ্রার্থীদের ডোপ টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। প্রয়োজনে যুবদলের নেতাকর্মীদেরও ডোপ টেস্ট করা হতে পারে।
বুধবার বিকেলে ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম জামাল বলেন, “একটা বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে সময় লাগে তিন বছর, একটা বাচ্চা জন্ম নিতে লাগে দশ মাস। সেখানে বিএনপিকে পাঁচ মাসের মাথায় ব্যর্থ সরকার বলে একটি গোষ্ঠী লংমার্চ করে। আগামীতেও তারা নতুন চক্রান্ত নিয়ে মাঠে নামবে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”
সভায় বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল, ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, সদস্যসচিব আনিচুর রহমান খান ও যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল।
এ ছাড়া রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সদস্যসচিব সৈয়দ নাজমুল হকসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
আলোচনা সভার শুরুতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি নিয়ে মাঠে উপস্থিত হন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।