মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলাজুড়ে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২৬ হাজার ১৯১ পিস ইয়াবা ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৬ জন মাদক ব্যবসায়ী, ৫৪ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ছয়জন, নিয়মিত মামলার তিনজন আসামি, নিষিদ্ধ সংগঠনের চারজন সদস্য এবং অন্যান্য মামলায় একজন আসামি রয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোনারগাঁ থানার অভিযানে ২৩ হাজার ৭৫ পিস ইয়াবাসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী, নয়জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৭৩ পিস ইয়াবাসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন মাদক ব্যবসায়ী, ১৮ জন মাদকসেবী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার দুজন আসামি, নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য এবং অন্যান্য ধারায় একজন আসামি রয়েছেন।
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য রয়েছেন।
বন্দর থানা পুলিশের অভিযানে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী ও একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ১৮ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী ও তিনজন মাদকসেবী রয়েছেন। এ ছাড়া আড়াইহাজার থানা এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।