বিনোদন ডেস্ক:
নতুন সিনেমা ‘উড়তা তীর’-এ অভিনীত চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। তাঁর ভাষ্য, এ সিনেমায় এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যা আগে কখনো করেননি। দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) কলকাতায় একটি গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সারা আলি খান। এ সময় শহরটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘কলকাতা, আমি তোমাকে ভালোবাসি!’
কলকাতার সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, কলকাতা তাঁর ঠাকুরমা শর্মিলা ঠাকুরের শহর। এখানে এসে তাঁর ব্যক্তিগত অনুভূতি কাজ করে। শর্মিলা ঠাকুরের ব্যক্তিত্বকে নিজের আদর্শ বলেও উল্লেখ করেন সারা।
এ সময় কেদারনাথ ভ্রমণের প্রসঙ্গও উঠে আসে। সারা বলেন, কেদারনাথ তাঁর প্রিয় জায়গা। সেখানে বারবার যেতে চান তিনি। ওই স্থানে গেলে যে প্রশান্তি ও অনুভূতি পান, তা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানান অভিনেত্রী।
গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে সারা আলি খানের নতুন সিনেমা ‘উড়তা তীর’। করণ জোহর প্রযোজিত সিনেমাটিতে আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে সারা বলেন, একজন অভিনেত্রী হিসেবে নতুন নতুন চরিত্রে দর্শকদের সামনে হাজির হওয়া তাঁর দায়িত্ব। ‘উড়তা তীর’-এ তাঁর চরিত্রটি আগের সিনেমাগুলোর চরিত্র থেকে আলাদা। নতুন সিনেমাটিকে ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানান তিনি।