বিনোদন ডেস্ক:
পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে হঠাৎ দেখা গেল কনের সাজে। রাজকীয় ও ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলো ঘিরে ইতোমধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে।
কিছুদিন আগেই ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে টানা ১২ দিন অসুস্থ ছিলেন সাদিয়া আয়মান। সুস্থ হয়ে ফেরেন স্বাভাবিক ছন্দে। কয়েক দিন আগে নতুন মেকওভারে চুলের রং ও স্টাইলে সামান্য পরিবর্তন এনেও আলোচনায় আসেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে সাদিয়াকে দেখা যায় জমকালো ঐতিহ্যবাহী শাড়ি ও মানানসই গয়নায়। চোকার নেকলেস ও মাং টিকা তাঁর সাজে আলাদা মাত্রা যোগ করেছে। পরিমিত মেকআপে তাঁর পুরো লুক পেয়েছে স্নিগ্ধ ও আকর্ষণীয় আবহ।
সাধারণত কনের সাজে খুব একটা দেখা যায় না সাদিয়া আয়মানকে। তাই তাঁর এই নতুন রূপ ভক্তদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
সামনে শীতের মৌসুম। এ সময় বিয়ের আয়োজন বেড়ে যাওয়ায় কনের সাজপোশাক নিয়েও থাকে নানা পরিকল্পনা। আসন্ন বিয়ের মৌসুমকে সামনে রেখে একটি কসমেটিকস ও জুয়েলারি ব্র্যান্ডের স্পনসরশিপে এই ব্রাইডাল লুকে হাজির হয়েছেন অভিনেত্রী।
ছবিগুলোর সঙ্গে সাদিয়া আয়মান লিখেছেন, ‘আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।’
অভিনেত্রীর এই রাজকীয় সাজ ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে। বিয়ের মৌসুমের ফ্যাশন অনুপ্রেরণা হিসেবেও তাঁর এই লুককে দেখছেন অনেকে।