মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিল (ফেয়ারড্রিল) ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকার প্রগতি স্কুলের পশ্চিম পাশে ব্রিজসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার বাঘা থানার মনিগ্রাম এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে মো. শিমুল হোসেন (৩৬) এবং একই থানার পার সাওতা বিনোদপুর এলাকার আব্দুল লতিফের ছেলে মো. ইয়ামিন আলী (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিরস্ত্র) অজয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গুতিয়াব এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি করে ৬৪২ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল (ফেয়ারড্রিল) উদ্ধার করা হয়। পরে মাদক বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করে পুলিশ।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।