নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনও কঠিন সংকটের মুখোমুখি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা অত্যন্ত উদ্বেগজনক। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বিশ্ববাজারের অনিশ্চয়তার কারণে এ খাত কঠিন সময় পার করছে। পাশাপাশি ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের তুলনায় কমে যাওয়ায় তৈরি পোশাকশিল্পের সংকট আরও গভীর হচ্ছে।
তিনি বলেন, একদিকে শিল্প খাত নানা প্রতিকূলতার মুখে পড়েছে, অন্যদিকে এ শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। বাড়িভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, যাতায়াত ও চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে শ্রমজীবী মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে।
জামায়াতের আমির বলেন, দেশের প্রধান রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে টেকসই পদক্ষেপ নিতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনের গতি বাড়ানো গেলে অন্যান্য সমস্যাও যৌক্তিকভাবে বিবেচনা করে সমাধানের পথ তৈরি করা সম্ভব।
তিনি আরও বলেন, শিল্প বাঁচলে শুধু মালিকই বাঁচবেন না, দেশও বাঁচবে। তাই শিল্প উদ্যোক্তাদের পাশাপাশি এ খাতে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা ও জীবনমান নিশ্চিত করতেও সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে। তাই বিষয়টি নিয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।