নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার আদালতে এ আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, প্রথম দফায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় দীপ ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় দীপ একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং কিছু বিষয়ে নীরবতা পালন করেছেন। এ কারণে মামলার ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছে পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে রিমান্ড আবেদনের ওপর মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত শনিবার গ্রেপ্তারের পর দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়। প্রথম দফার রিমান্ড শেষে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেছে নৌ পুলিশ।
এদিকে, একই মামলায় গ্রেপ্তার এক তরুণী বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন। গত রোববার আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন।