আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র নিশিন্তপুর আটক ১

স্টাফ রিপোর্টার:

ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন নিশিন্তপুর (নিচিন্দাপুর) এলাকায় বকেয়া বেতন, ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা দিনভর রাজপথে অবস্থান করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকেই নিশিন্তপুর ও আশপাশের এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষ চলাকালে আন্দোলনের আড়ালে নাশকতা ও উসকানি সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে এক শ্রমিককে আটক করে পুলিশ। তবে আটক ব্যক্তির পরিচয় এবং তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা দিনভর রাজপথে অবস্থান করে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *