মোহাম্মদ সোহেল রানা:
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ পেয়েছে পুলিশ সদস্যদের ১৫৫ জন কৃতী সন্তান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে বুধবার (৪ নভেম্বর) মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতায় ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে এ মেধাবৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, শিক্ষার্থীরা যে সম্মাননা পেয়েছে, তা শুধু ক্রেস্ট বা আর্থিক প্রণোদনা নয়; বরং তাদের পরিশ্রম ও অর্জনের স্বীকৃতি। এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রেরণা জোগাবে।
তিনি শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহার সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, “প্রযুক্তিকে তোমরা ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকবে।”
বিশেষ করে এসএসসি পাস করে এইচএসসি পর্যায়ে ওঠা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এ সময়টি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দেড় থেকে দুই বছর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হতে পারে।
ডিএমপি কমিশনার শিক্ষার্থীদের অব্যাহত সাফল্য ও নিরলস পরিশ্রমের আহ্বান জানান। পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, শিক্ষার্থীদের অভিভাবক এবং মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬২ জন, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫৯ জন, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২০ জন এবং ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ জন মেধাবৃত্তি পেয়েছেন। সব মিলিয়ে এ বছর বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি পেয়েছেন ১৫৫ জন শিক্ষার্থী।