চকরিয়া মহিলা কলেজ পরিদর্শনে প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম

আরাফাত হোছাইন:

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম। এ সময় তিনি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে পৌঁছালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জুবাইদুল হক ও শিক্ষকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উষ্ণ অভ্যর্থনা জানান।

সকাল সাড়ে ১১টায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন কলেজ পরিদর্শক। প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। পরে সমস্যা চিহ্নিত করে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীদের শিক্ষাসংক্রান্ত দিকনির্দেশনা দেন এবং তাঁদের সমস্যাগুলো সমাধানে কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

দুপুর সাড়ে ১২টায় শিক্ষক পরিষদ সভাকক্ষে অধ্যক্ষ প্রফেসর জুবাইদুল হকের সভাপতিত্বে কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম।

সভায় তিনি শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করেন।

প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম বলেন, ‘যে কোনো পর্যায়ের সেবা প্রার্থীর জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ শাখার প্রবেশদ্বার সবসময় উন্মুক্ত। বোর্ডে না এসে কিংবা মাত্র একবার এসেই যেন সেবা প্রার্থীরা তাঁদের কাজ সম্পন্ন করতে পারেন, আমরা এখন সেই লক্ষ্যে কাজ করছি। দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার শাখায় কোনো ধরনের অনিয়ম কিংবা সেবা গ্রহীতাদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কাজের স্বচ্ছতা রক্ষার্থে যেকোনো প্রয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক বুলবুল জান্নাত। তিনি কলেজ পরিদর্শকের নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম কলেজ পরিদর্শক পদে যোগদানের প্রথম মাসেই তাঁর সততা, কর্মনিষ্ঠা ও আধুনিক চিন্তাধারার মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ শাখার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এনেছেন। তাঁর সংস্কারমুখী উদ্যোগ বোর্ডের সেবা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করেছে।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সেন্সর অফিসার জাহাঙ্গির আলম, সিনিয়র প্রভাষক (ব্যবস্থাপনা) আবু সৈয়দ, প্রভাষক (উচ্চতর গণিত) জমির উদ্দিন ও শিরিন নেওয়াজ শেলী, প্রভাষক (পদার্থবিজ্ঞান) মীরা রায়, প্রভাষক (ইংরেজি) তৌহিদুল আলম, প্রভাষক মোসলেহ উদ্দিন সিরাজী, মো. মহসিন, শামিমা সুলতানা, নুসরাত হাসিনা, শওকত আলী ও মোহাম্মদ সায়েম রেজা মুনির প্রমুখ।

পরে কলেজ পরিদর্শক চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভিন্ন ভবনের শ্রেণিকক্ষ ও ওয়াশরুম ঘুরে দেখেন এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য অধ্যক্ষকে অনুরোধ করেন। অধ্যক্ষ সমস্যাগুলো সমাধান করে তাঁকে অবহিত করার আশ্বাস দেন।

বিকেল ৪টায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *