কামরুল:
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এক বক্তব্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আমিরাবাদ ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার সামনে আসতে চান। এ জন্য তিনি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।
জাহাঙ্গীর আলম বলেন, সম্মানিত মুরব্বি, মা-বোন, তরুণ ও যুবসমাজসহ ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান। জনগণ তাঁকে নির্বাচিত করলে চেয়ারম্যানের দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
নিজের অঙ্গীকার ও পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সব সেবা ও সরকারি অনুদান দলমত নির্বিশেষে প্রকৃত প্রাপ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে তাঁর অন্যতম লক্ষ্য। কোনো ধরনের দুর্নীতি ও স্বজনপ্রীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করবেন। মাদক, জুয়া ও সামাজিক অপরাধমুক্ত শান্তিপূর্ণ ও নিরাপদ ইউনিয়ন গড়ে তুলতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
নাগরিক সেবা সহজীকরণের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ সরকারি সেবাগুলো মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।
তিনি বলেন, অতীতে দায়িত্ব পালনকারীদের অভিজ্ঞতা ও ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে এবং এলাকাবাসীর পরামর্শকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান। দায়িত্ব পালনের পথে কোনো ভুল হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তাঁকে সঠিক পথে পরিচালিত করার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।
পরিশেষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।