মোহাম্মদ হোসেন হ্যাপী:
প্রিন্সিপাল এ বি রাজ্জাক রাজের কাছ থেকে বিশেষ কৃতি পুরস্কার পেল আদ্রিকা শরীফ
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আলিনূর শরীফ শামীমের কন্যা আদ্রিকা শরীফ বিদ্যালয়ের প্রিন্সিপাল ও বিশিষ্ট শিক্ষাবিদ এ বি রাজ্জাক রাজের কাছ থেকে বিশেষ কৃতি পুরস্কার গ্রহণ করে। মেধা ও ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে বিদ্যালয়ের প্রিন্সিপাল এ বি রাজ্জাক রাজ বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আদ্রিকা শরীফের মতো মেধাবী শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ের গর্ব। প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই আমাদের মূল লক্ষ্য। আমি আশা করি, আদ্রিকা আগামী দিনে আরও বড় সাফল্য অর্জন করে তার পরিবার ও বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে। সন্তানদের মেধা বিকাশে অভিভাবকদেরও সবসময় পাশে থাকার আহ্বান জানাই।”
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় আদ্রিকার বাবা আলিনূর শরীফ শামীম বলেন, “কন্যার এই সাফল্যে অভিভাবক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের প্রিন্সিপাল ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং সঠিক নির্দেশনার কারণেই আমার মেয়ে এই গৌরব অর্জন করেছে। আদ্রিকার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া প্রার্থী।”
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।