মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অস্ত্র ও মাদক ব্যবসায়ী। গত শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার আকুর ঠাকুরপাড়া এলাকার মৃত দ্বীন মোহাম্মদের ছেলে জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), ফতুল্লার উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি এলাকার মৃত মো. দুলাল হোসেনের ছেলে মো. শফিকুর রহমান রনি (৩৫) এবং পটুয়াখালী সদর উপজেলার মরিচ বুনিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)। তাঁরা বর্তমানে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন বলে জানা গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় জেলাজুড়ে চলমান অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের এসআই মিজানুর রহমান পিপিএম, মফিজুল ইসলাম পিপিএম ও এসআই মাহমুদুর রহমানসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং আসামিদের অপরাধসংক্রান্ত রেকর্ড (পিসি/পিআর) যাচাই করে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
ডিবি পুলিশের দাবি, বন্দরের বিভিন্ন এলাকায় জমি দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে জসিম দীর্ঘদিন ধরে মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ রেখে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মেহেরপুর থেকে অবৈধ অস্ত্র এনে বিক্রির উদ্দেশ্যে তাঁরা সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থান করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।