টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ মশিউর রহমান:

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল। তিনি বলেন, জাতীয়তাবাদের আদর্শে জিয়াউর রহমান বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন।

আব্দুস সালাম পিন্টু আরও বলেন, বিএনপি বাংলাদেশের একমাত্র আধুনিক, উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম করেছেন। তিনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন সমাবেশে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, আলী ইমাম তপন ও জিয়াউল হক শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান, যুবদল নেতা আহমেদুল হক শাতিল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, জেলা মহিলা দলের সভাপতি নীলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *