মোঃ আনজার শাহ
কুমিল্লার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট ছড়াকার ও শিক্ষক জহিরুল হক দুলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কুমিল্লার সাংবাদিকতা, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে কুমিল্লা টাউন হলের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে উপস্থিত হন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমিরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় তাঁরা মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর জানাজায় অংশ নিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মহান স্বাধীনতাযুদ্ধে তাঁর অবদান, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর দীর্ঘ পথচলা এবং শিক্ষক হিসেবে জ্ঞান বিতরণের ভূমিকা কুমিল্লার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পরিবারের সবাইকে ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।