আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (৮ নভেম্বর) সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আগাম সতর্কতা জারির কিছুক্ষণ পর এ শব্দ শোনা যায়। এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ ঘটনা ঘটল। তবে পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।
এর আগে শনিবার ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
হুতিদের পরিচালিত বার্তা সংস্থা সাবার দাবি, সানার পূর্বাঞ্চলের বানি হুশাইশ এলাকার বাড়িঘরে এসব হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু।
তবে হুতিদের এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে গত জুলাইয়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এতে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যায়।
এরপর থেকে হুতিরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। অন্যদিকে ইয়েমেনে নিজেদের মিত্র সরকারি বাহিনীর পক্ষে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব।