মো. আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলেদের দাদনের ঋণ থেকে মুক্ত করা, বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং অব্যবহৃত জলাশয় সমবায় সমিতির মাধ্যমে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইউএনও খান সালমান হাবীব বলেন, মনপুরার মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস নদীতে মাছ ধরা। তবে অনেক জেলে মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে মাছ ধরেন। পরে উপার্জিত অর্থের বড় অংশই ঋণ পরিশোধে ব্যয় করতে হয়। এ অবস্থা থেকে জেলেদের মুক্ত করতে সমবায় কার্যক্রম জোরদার করা প্রয়োজন। সমবায়ের মাধ্যমে একজন ব্যক্তি স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শামসুদ্দিন বাচ্চু চৌধুরী বলেন, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর বেসরকারি কয়েকটি সংস্থা মনপুরার মানুষের জীবনমান উন্নয়নে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় এলাকায় ছোট ছোট সমবায় সমিতি গড়ে ওঠে। বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ করে তুলতে হবে।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কামাল উদ্দিন বলেন, দেশের বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে সমবায় অন্যতম। সরকারের এ কার্যক্রম সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা আমির মাওলানা আমিমুল ইহসান জসিম বলেন, মনপুরার অব্যবহৃত ও পরিত্যক্ত জলাশয়গুলো নিবন্ধিত সমবায় সমিতির মাধ্যমে লিজ দেওয়া হলে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন তালুকদার, জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা বন কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম ফরাজি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, সদস্যসচিব হাফেজ আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক ইকরামুল করিম এবং মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিব্বুল্যাহ ইলিয়াছসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমবায়ী সদস্যরা।