কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আব্দুল গফুর:

আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ও মিয়ানমারের নাগরিক খাইরুল আমিন ওরফে বলি আমিনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় মাদক, দস্যুতা ও চাঞ্চল্যকর হত্যা মামলার একাধিক পলাতক আসামির অবস্থানের তথ্য পেয়ে সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় খাইরুল আমিন ওরফে বলি আমিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার বলি আমিন (৪৫) মিয়ানমারের নাগরিক। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের (ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ডি/৪) বাসিন্দা নূর হোসেন ওরফে মোস্তাফিজুরের ছেলে।

এসআরবি-১৫-এর তথ্য অনুযায়ী, বলি আমিন রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকার একজন চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানবপাচার এবং পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে আদালত তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

গ্রেপ্তারের পর উদ্ধার করা আলামতসহ বলি আমিনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *