স্টাফ রিপোর্টার:
পাওনা টাকা আদায় করতে চকরিয়া যাওয়ার পথে বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে কাভার্ডভ্যানের ধাক্কায় হাজি মাহবুবুর রহমান (৬৪) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
রোববার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান সাতকানিয়া উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজিরখীল নবী মিকারের বাড়ির মৃত আবুল খাইর ও সারিয়া খাতুনের ছেলে।
নিহতের ছোট বোনের জামাই জানান, মাহবুবুর রহমান দীর্ঘ ৩৫ বছর ধরে সৌদি আরবের মক্কার আল-জুমুম এলাকায় এবং পরে আজিজিয়া সালাম মার্কেটে কর্মরত ছিলেন। তিন মাস আগে তিনি দেশে আসেন। চার দিন পর তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি চার ছেলে ও এক মেয়ের জনক।
তিনি আরও জানান, রোববার সকালে মাহবুবুর রহমান মোটরসাইকেল চালিয়ে চকরিয়ার উদ্দেশে রওনা হন। পথে আজিজনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যান তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়কের পাশে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।